২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হওয়ার পর চলতি বছরেই আবারও মাঠের লড়াইয়ে নামতে পারে স্পেন ও আর্জেন্টিনা। ইউরো চ্যাম্পিয়ন স্পেন এবং কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মধ্যকার বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’ আগামী নভেম্বরে কাতারের ঐতিহাসিক লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে।
ইএসপিএন আর্জেন্টিনা ও ডিএসপোর্টের প্রতিবেদনে বলা হয়েছে, কাতার সরকারের নিয়ন্ত্রণে থাকা লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি আয়োজনের বিষয়ে ফিফা আগ্রহী। ফলে চলতি বছরেই এই মর্যাদাপূর্ণ ম্যাচটি আয়োজনের পথ অনেকটাই সুগম হয়েছে।
এর আগে চলতি বছরের ২৭ মার্চ ফিনালিসিমা আয়োজনের পরিকল্পনা ছিল। তবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি, ভ্রমণসংক্রান্ত জটিলতা এবং আঞ্চলিক রাজনৈতিক উত্তেজনার কারণে ম্যাচটি স্থগিত করা হয়। পরবর্তীতে দুই দেশের ফুটবল ফেডারেশন ও সংশ্লিষ্ট কনফেডারেশনগুলোর মধ্যে নতুন করে আলোচনা শুরু হওয়ায় ম্যাচটি আবারও ক্যালেন্ডারে ফেরার সম্ভাবনা দেখা দিয়েছে।
টিএনটি স্পোর্টস আর্জেন্টিনার তথ্য অনুযায়ী, ফিফা চলতি বছরের মধ্যেই ম্যাচটি আয়োজনের বিষয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে এবং এ নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে সমন্বয় অব্যাহত রেখেছে।
তবে ম্যাচটির সবচেয়ে বড় আকর্ষণ নির্ভর করছে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির ভবিষ্যতের ওপর। সদ্য সমাপ্ত বিশ্বকাপে রানার্সআপ হওয়ার পর জাতীয় দলের হয়ে তার ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন, নাকি খেলা চালিয়ে যাবেন—সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
বিশ্লেষকদের মতে, মেসি খেললে স্পেন-আর্জেন্টিনার এই মহারণের আবেদন আরও বহুগুণ বেড়ে যাবে। আর নভেম্বরে ম্যাচটি অনুষ্ঠিত হলে তা বিশ্ব ফুটবলে বছরের অন্যতম আকর্ষণীয় লড়াই হিসেবে বিবেচিত হবে।

