নাটোরের সিংড়া উপজেলায় সাত মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। নিহত বুলবুলি খাতুনের (২০) মৃত্যুর ঘটনায় অভিযুক্ত স্বামী আব্দুল্লাহকে (২২) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেল প্রায় ৫টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের কুঞ্চিভাদরা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, অভিযুক্ত আব্দুল্লাহ মাদকাসক্ত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বুলবুলি খাতুন তার স্বামীকে দুপুরের খাবার পরিবেশন করেন। এ সময় তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আব্দুল্লাহ ধারালো দা দিয়ে বুলবুলিকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন।
পরিবারের সদস্য ও স্থানীয়রা আহত বুলবুলিকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলে পথেই তার মৃত্যু হয়। ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা আব্দুল্লাহকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
নিহত বুলবুলি খাতুন সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তাদের সংসারে আরিফা খাতুন নামে দুই বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

