চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সড়ক দুর্ঘটনায় সালাউদ্দিন (৪০) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। তিনি উপজেলার সাহেরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাংলাপাড়া গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে এবং সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক ছিলেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের আবুতোরাব বাজারসংলগ্ন মুসলিম চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সালাউদ্দিন মোটরসাইকেলে করে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের দিকে যাচ্ছিলেন। পথে মুসলিম চত্বর এলাকায় পৌঁছালে চট্টগ্রামমুখী সেভেন রিং সিমেন্টের একটি ট্রাক এবং অর্থনৈতিক অঞ্চলগামী একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের ডাবল কেবিন পিকআপের মাঝখান দিয়ে অতিক্রম করার সময় তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মিরসরাই থানা যুবদলের প্রধান সমন্বয়ক এস এম সুমন জানান, নিহত সালাউদ্দিন সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। তার মৃত্যুতে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

