শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত রূপালি ব্যাংক পিএলসির চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন ২০২৬) আর্থিক ফলাফলে বড় ধরনের অবনতি হয়েছে। আগের বছরের একই সময়ের মুনাফা থেকে চলতি বছরে ব্যাংকটি ৬৪০ কোটি ৫৭ লাখ টাকা লোকসানে পড়েছে।
কোম্পানির প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি-জুন সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১৩ টাকা ১৩ পয়সা। একই সময়ে ব্যাংকটির মোট লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ৬৪০ কোটি ৫৭ লাখ টাকা। এর বিপরীতে ২০২৫ সালের একই সময়ে ব্যাংকটি ৯ কোটি ৯৪ লাখ টাকা নিট মুনাফা করেছিল, যা শেয়ারপ্রতি (ইপিএস) ছিল ২০ পয়সা।
ফলে মাত্র এক বছরের ব্যবধানে ব্যাংকটির আর্থিক অবস্থায় বড় ধরনের অবনতি ঘটে। মুনাফা থেকে লোকসানে যাওয়ায় নিট পতনের পরিমাণ দাঁড়িয়েছে ৬৫০ কোটি ৫১ লাখ টাকা, যা শতাংশের হিসাবে প্রায় ৬ হাজার ৫৪৪ শতাংশ।
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকেও (এপ্রিল-জুন) একই চিত্র দেখা গেছে। এ সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫ টাকা ১ পয়সা এবং মোট লোকসান দাঁড়িয়েছে ২৪৪ কোটি ২৪ লাখ টাকা। অথচ ২০২৫ সালের একই প্রান্তিকে ব্যাংকটি ৩ কোটি ৩৬ লাখ টাকা মুনাফা করেছিল, যা শেয়ারপ্রতি ৭ পয়সা ছিল। সে হিসাবে দ্বিতীয় প্রান্তিকে নিট পতনের পরিমাণ ২৪৭ কোটি ৬০ লাখ টাকা বা প্রায় ৭ হাজার ৩৬৯ শতাংশ।
এদিকে, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৪৩ পয়সা। ব্যাংকটির সর্বশেষ আর্থিক ফলাফল বিনিয়োগকারী ও শেয়ারবাজার সংশ্লিষ্টদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

