সুস্থ সমাজ গঠনে নারীর মানসিক ও শারীরিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা। তাঁরা বলেছেন, নারীর স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক চিকিৎসাসেবার সহজপ্রাপ্যতা নিশ্চিত করা সময়ের দাবি। বুধবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ নারী সাংবাদিক সমিতি (বানাসাস) আয়োজিত ‘নারীর মানসিক ও শারীরিক স্বাস্থ্য সুরক্ষা’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-এর পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শেখ নাজমুল হুদা। বক্তব্যে তিনি সিজারিয়ান অপারেশনের (সি-সেকশন) প্রয়োজনীয়তা, সুফল ও সম্ভাব্য ঝুঁকির বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি রাজনৈতিক সিদ্ধান্ত ও নীতির প্রভাব স্বাস্থ্যসেবার ওপর কীভাবে পড়ে, সে বিষয়েও আলোকপাত করেন। তিনি বলেন, ফাইব্রয়েড, সিস্ট বা টিউমারের মতো সমস্যায় আক্রান্ত কমবয়সী নারীদের ক্ষেত্রে সবসময় জরায়ু অপসারণের প্রয়োজন হয় না। আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে জরায়ু সংরক্ষণ করেও কার্যকর চিকিৎসা দেওয়া সম্ভব। সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ নারী সাংবাদিক সমিতির (বানাসাস) সভাপতি নাসিমা আক্তার সোমা।
সেমিনারে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (অব.) ডা. ইয়াসমিন জাহান শাহীন জরায়ুস্বাস্থ্য বিষয়ে আলোচনা করেন। অগ্রযাত্রা নারী ফোরামের আহ্বায়ক জাকিয়া শিশির নারীর মানসিক স্বাস্থ্য নিয়ে বক্তব্য দেন। এছাড়া অস্টিওপোরোসিস বিষয়ে আলোচনা করেন ফার্মাসিস্ট ও গবেষক সামিন ফারদীন সৌমিক।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) কল্যাণ সম্পাদক শাহজাহান স্বপন, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান ও ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাহিদ হাসান।

