দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। একই সময়ে নতুন করে ৪৩৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একমাত্র মৃত্যুর ঘটনাটি ঘটেছে ঢাকা বিভাগে। একই সময়ে সর্বোচ্চ ১৬৪ জন রোগীও ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে। এছাড়া বরিশাল বিভাগে ৮৩ জন, চট্টগ্রাম বিভাগে ৭৫ জন, খুলনা বিভাগে ৪১ জন, রংপুর বিভাগে ৩০ জন, রাজশাহী বিভাগে ২৬ জন, ময়মনসিংহ বিভাগে ১৯ জন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে মোট ৪০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ২১ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এছাড়া ময়মনসিংহ ও খুলনা বিভাগে ৫ জন করে, চট্টগ্রাম বিভাগে ৪ জন, বরিশাল বিভাগে ৩ জন এবং রাজশাহী ও রংপুর বিভাগে একজন করে মারা গেছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা ডেঙ্গুর বিস্তার রোধে জমে থাকা পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

