ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) রাষ্ট্রপতির সরকারি বাসভবন ও প্রধান কার্যালয় বঙ্গভবন থেকে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন। তবে তিনি জাতীয় সংসদ ভবন এলাকায় অবস্থিত স্পিকারের সরকারি বাসভবনে অবস্থান করবেন। শনিবার (২৫ জুলাই) গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে শুক্রবার (২৪ জুলাই) বিকেল থেকেই জাতীয় সংসদ প্রাঙ্গণে স্পিকারের বাসভবন এবং আশপাশের এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
শুক্রবার স্বাস্থ্যগত কারণ দেখিয়ে দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। পরে জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) তার পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন। সংবিধানের বিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর রোববার (২৬ জুলাই) তিনি প্রথম আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেবেন। এদিন সকাল ১১টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করবেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করবেন।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির কর্মসূচির বিষয়টি নিশ্চিত করে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী তিনি জাতীয় স্মৃতিসৌধ ও শেরেবাংলা নগরে পৃথক দুটি আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেবেন।

