সুনামগঞ্জের প্রধান নদ-নদীর পানি ধারাবাহিকভাবে কমছে এবং সবকটি নদীর পানি বর্তমানে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে জেলায় আপাতত বন্যার কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
শনিবার (২৫ জুলাই) সকাল ৯টায় প্রকাশিত পাউবোর নিয়মিত দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিন অনুযায়ী, সুনামগঞ্জ পয়েন্টে সুরমা নদীর পানির উচ্চতা ৭.০৯ মিটার, যা বিপৎসীমার ০.৭১ মিটার নিচে রয়েছে। এ সময়ে সেখানে ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
ছাতক পয়েন্টে সুরমা নদীর পানির উচ্চতা ৮.৪০ মিটার, যা বিপৎসীমার ০.৩০ মিটার নিচে রয়েছে। এ পয়েন্টে গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। লাউরেরগড় পয়েন্টে যাদুকাটা নদীর পানির উচ্চতা ৬.৭১ মিটার, যা বিপৎসীমার ১.৩৪ মিটার নিচে রয়েছে। সেখানে ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
অন্যদিকে, দিরাই পয়েন্টে কালনী নদীর পানির উচ্চতা ৬.০৭ মিটার, যা বিপৎসীমার ০.৪৮ মিটার নিচে রয়েছে। এ এলাকাতেও উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি।
এ ছাড়া জগন্নাথপুর পয়েন্টে নদীর পানির উচ্চতা ৬.৪৭ মিটার এবং সোলেমানপুর পয়েন্টে ৬.৩৭ মিটার রেকর্ড করা হয়েছে। তবে এ দুটি পর্যবেক্ষণ কেন্দ্রের জন্য নির্ধারিত বিপৎসীমা না থাকায় তুলনামূলক অবস্থান উল্লেখ করা হয়নি।
পাউবোর তথ্যমতে, জেলার সব পর্যবেক্ষণ কেন্দ্রেই নদ-নদীর পানি স্থিতিশীল থেকে ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে বন্যার কোনো তাৎক্ষণিক আশঙ্কা নেই। তবে উজানের বৃষ্টিপাতের পরিমাণের ওপর নির্ভর করে পরিস্থিতির পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

