চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানার শেরশাহ বাংলাবাজার এলাকার একটি নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত গুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) দুপুর ১টার দিকে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব গুলি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া গুলোর মধ্যে ১২০টি বড় আকারের এবং ১ হাজার ২০০টি ছোট আকারের। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সবগুলোই ব্যবহৃত গুলি। তবে এগুলো কী ধরনের, কোথা থেকে এসেছে এবং কীভাবে নালায় ফেলে রাখা হয়েছে—এসব বিষয়ে তদন্ত চলছে।
বায়েজিদ বোস্তামি থানার পরিদর্শক (তদন্ত) মো. মোস্তফা কামাল জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে গুলিগুলো উদ্ধার করা হয়েছে। ঘটনার বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং গুলিগুলোর উৎস ও সংশ্লিষ্টদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
এদিকে, এর আগের দিন শুক্রবার রাতে একই থানার চালিতাতলী এলাকায় পৃথক অভিযানে তালিকাভুক্ত সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলার বাসার বাইরে থেকে একটি পরিত্যক্ত ৭.৬৫ মিলিমিটার ক্যালিবারের যুক্তরাষ্ট্রে তৈরি পিস্তল উদ্ধার করে র্যাব-৭।
উল্লেখ্য, সরোয়ার হোসেন বাবলা গত বছরের ৫ নভেম্বর নিজ বাড়ির অদূরে বিএনপি নেতা ও বর্তমান সংসদ সদস্য এরশাদ উল্লাহর নির্বাচনী জনসংযোগ চলাকালে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন।
এদিকে, শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে সাদা রঙের একটি বস্তা থেকে উদ্ধার করা গুলিগুলো নালার পাশে সাজিয়ে রাখতে দেখা যায়। তবে ভিডিওটির সত্যতা বা এর সঙ্গে উদ্ধার অভিযানের সম্পর্ক নিয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

