ফরিদপুরের নারী উন্নয়নভিত্তিক সামাজিক সংস্থা ‘নন্দিতা সুরক্ষা’ শুধু নারীর অধিকার, স্বাস্থ্য ও নেতৃত্ব বিকাশে কাজ করেই থেমে নেই; নিজেদের সাংগঠনিক কাঠামোতেও নারী নেতৃত্বের এক ব্যতিক্রমী উদাহরণ সৃষ্টি করেছে। সংস্থাটির সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো—এর সকল কর্মীই নারী এবং তাদের অধিকাংশই তরুণ।
দেশে নারীর ক্ষমতায়ন নিয়ে অনেক প্রতিষ্ঠান কাজ করলেও নন্দিতা সুরক্ষা দেখিয়েছে, নারীরা শুধু উন্নয়ন কার্যক্রমের উপকারভোগী নন; পরিকল্পনা, নেতৃত্ব, ব্যবস্থাপনা এবং বাস্তবায়নের প্রতিটি ধাপেই তারা দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে সক্ষম।
সংস্থাটির নির্বাহী পরিচালক তাহিয়াতুল জান্নাত রেমি বলেন, অনেকেই জানতে চান, প্রতিষ্ঠানের সব কর্মী নারী হওয়ায় এটি কি পুরুষবিরোধী কোনো অবস্থান? তবে বিষয়টি মোটেও তা নয়। তার ভাষ্য, সমাজে এখনও নারীর নেতৃত্ব, সিদ্ধান্ত গ্রহণ ও দল পরিচালনার সক্ষমতা নিয়ে নানা নেতিবাচক ধারণা প্রচলিত রয়েছে। সেই বাস্তবতা থেকেই একটি সম্পূর্ণ নারী-নেতৃত্বাধীন কর্মীদল গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন তিনি, যেখানে নারীরা নিজেদের দক্ষতা ও নেতৃত্বের সক্ষমতা প্রমাণের সুযোগ পাবেন।
তিনি জানান, সেই স্বপ্ন এখন বাস্তবে রূপ নিয়েছে। বর্তমানে সংস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন নারীরা। RWVL-B প্রকল্পের ম্যানেজার জান্নাতুল ফেরদৌসী, প্রজেক্ট অফিসার তানিয়া আক্তার, ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন অফিসার মমতাজ আক্তারী, চরাঞ্চলের নারী নেত্রী ও ডিক্রিরচর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মনোয়ারা বেগম ফিল্ড অর্গানাইজার এবং অফিস সহকারী নিপা বেগম সম্মিলিতভাবে সংস্থার কার্যক্রম পরিচালনা করছেন।
তবে নারী কর্মী নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্যমূলক নীতি অনুসরণ করা হয়নি বলেও জানান রেমি। তিনি বলেন, ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন অফিসার পদে নারী ও পুরুষ উভয়েই আবেদন করেছিলেন। সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং কাকতালীয়ভাবে একজন নারী নির্বাচিত হয়েছেন। এখানে লিঙ্গ নয়, যোগ্যতাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।
বর্তমানে নন্দিতা সুরক্ষা RWVL-B, SPACE এবং Shuchona প্রকল্পের মাধ্যমে নারীর অধিকার, আইনি সচেতনতা, স্বাস্থ্যসেবা, নেতৃত্ব বিকাশ এবং সামাজিক অংশগ্রহণ বৃদ্ধিতে কাজ করছে। পাশাপাশি সার্ভিকাল ক্যান্সার, স্তন ক্যান্সার, মানসিক স্বাস্থ্য ও লিগ্যাল লিটারেসি বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি ডিক্রিরচর ইউনিয়নের ১৮টি গ্রামের ৬০০ নারীকে নিয়ে দ্বিমাসিক সার্কেল মিটিং আয়োজন করছে।
সংস্থার সভাপতি ফাইজা ফারজানা নিত্য বলেন, যে সমাজে এখনও নারীর সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা হয়, সেখানে নন্দিতা সুরক্ষা একটি বাস্তব উদাহরণ হিসেবে প্রমাণ করছে—সুযোগ, আস্থা ও নেতৃত্বের ক্ষেত্র তৈরি করা গেলে নারীরা সফলভাবে প্রতিষ্ঠান পরিচালনা করতে পারেন এবং সমাজ পরিবর্তনের কার্যকর নেতৃত্ব দিতে সক্ষম হন।

