রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ত্যাগ করেছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর ২টা ২৫ মিনিটে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে অবস্থিত নিজ বাসভবন ‘গ্রিন ভিলা’র উদ্দেশে রওনা হন।
এর আগে গত শুক্রবার (২৪ জুলাই) তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। প্রায় ৩৯ মাস দায়িত্ব পালন শেষে সরকারি দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে আজ আনুষ্ঠানিকভাবে বঙ্গভবন ছাড়েন তিনি। সংশ্লিষ্ট সূত্র জানায়, গুলশানে তার ব্যক্তিগত বাসভবনে সপরিবারে বসবাসের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
বঙ্গভবন ত্যাগের মধ্য দিয়ে রাষ্ট্রপ্রধান হিসেবে তার সরকারি বাসভবনে অবস্থানেরও আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে ২০২৩ সালের ২৪ এপ্রিল দায়িত্ব গ্রহণ করেন। ২০২৬ সালের ২৪ জুলাই তিনি পদত্যাগ করেন। তার পদত্যাগের পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

