ফুটবল বিশ্বকাপের উৎসবমুখর আবহকে আরও প্রাণবন্ত করে তুলতে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পৌরশহরের নিজবর্নী গ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘নিজবর্নী প্রিমিয়ার লীগ (এনপিএল) ২০২৬’-এর জার্সি উন্মোচন ও উদ্বোধনী অনুষ্ঠান। নিজবর্নী স্পোর্টস একাডেমির আয়োজনে গতকাল বিকেলে নিজবর্নী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিজবর্নী স্পোর্টস একাডেমির সভাপতি ও রেনেসার পরিচালক সাজ্জাদ বকল। এছাড়াও একাডেমির কর্মকর্তা, কোচ, খেলোয়াড়, কমিটির সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সাজ্জাদ বকল বলেন, নিয়মিত অনুশীলন, শৃঙ্খলা এবং দলীয় চেতনার মাধ্যমে খেলোয়াড়দের সর্বোচ্চ পারফরম্যান্স নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, খেলাধুলার মানোন্নয়ন ও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে কোচ এবং পরিচালনা কমিটিকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বক্তারা আশা প্রকাশ করেন, এবারের নিজবর্নী প্রিমিয়ার লীগ আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য ম্যাচ উপহার দেবে। পাশাপাশি খেলাধুলার প্রসারের মাধ্যমে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে একটি সুস্থ, সচেতন ও ইতিবাচক সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

