দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৬০ শিশু। এর মধ্যে ১৭০ জনের শরীরে পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে এবং ৯৯০ জন হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, নেত্রকোনা ও বরিশালে হামের উপসর্গ নিয়ে একজন করে শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৮২০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে মারা গেছে ৭২৫ শিশু এবং পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৯৫ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ২৩ হাজার ৭৫৩ শিশুর। একই সময়ে পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ১৫ হাজার ৪৪২ জনের। সব মিলিয়ে দেশে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৯ হাজার ১৯৫ জন।
এদিকে, একই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৬ হাজার ২৩৯ শিশু। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ২ হাজার ৪৬৭ জন। হামের সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি জোরদার করার পাশাপাশি অভিভাবকদের শিশুদের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

