ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ‘খ’ ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা ইমরান শেখকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। সেবা গ্রহীতার কাছ থেকে টাকা গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়।
রবিবার (২৬ জুলাই) জেলা প্রশাসক মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। বিষয়টি রাত ১১টার দিকে নিশ্চিত করেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিন্টু বিশ্বাস।
জেলা প্রশাসনের আদেশে উল্লেখ করা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ও ৩(ঘ) ধারায় বর্ণিত অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে একই বিধিমালার ১২(১) ধারা অনুযায়ী ২৬ জুলাই ২০২৬ থেকে ইমরান শেখকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।
এর আগে বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দুই মিনিট ২২ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, তিনি নিজ কার্যালয়ে বসে এক সেবা গ্রহীতার কাছ থেকে টাকা নিয়ে গুনে রাখছেন। ভিডিওটি দ্রুত ভাইরাল হলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
ভিডিওতে ইমরান শেখকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সম্পর্কে মন্তব্য করতেও শোনা যায়। সেখানে তিনি বলেন, তিনি ও এসিল্যান্ড দুজনই ৪০তম বিসিএসের হলেও একজন ক্যাডার এবং অন্যজন নন-ক্যাডার হওয়ায় তাদের অবস্থানের পার্থক্য তৈরি হয়েছে।
তবে ঘুষ গ্রহণের অভিযোগ অস্বীকার করেছেন ইমরান শেখ। তার দাবি, ভিডিওতে দেখা অর্থ ঘুষের নয়; এটি ব্যক্তিগতভাবে ধার দেওয়া টাকা ফেরত নেওয়ার ঘটনা। তবে যার কাছ থেকে টাকা নিয়েছেন, তার পরিচয় প্রকাশ করতে তিনি রাজি হননি।
বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান জানান, এর আগেও দাপ্তরিক অনুপস্থিতির কারণে ইমরান শেখকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। সর্বশেষ ঘুষ গ্রহণের অভিযোগ ওঠার পর বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সহকারী কমিশনার (ভূমি)-কে নির্দেশ দেওয়া হয়েছে।

