ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ‘খ’ ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা ইমরান শেখের বিরুদ্ধে এক সেবাগ্রহীতার কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। অফিস কক্ষে বসে টাকা গ্রহণ ও গুনে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
রোববার (২৭ জুলাই) বিকেলে প্রায় দুই মিনিট ২২ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, ইমরান শেখ অফিসের চেয়ারে বসে এক ব্যক্তির কাছ থেকে টাকা গ্রহণ করে তা গুনছেন। এ সময় তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সম্পর্কে মন্তব্য করতে শোনা যায়। ভিডিওতে তিনি বলেন, “উনিও ৪০তম বিসিএস, আমিও ৪০তম বিসিএস। উনার কপাল ভালো, উনি ক্যাডার হয়েছেন, আর আমি নন-ক্যাডার হয়েছি।”
তবে ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ইমরান শেখ। তাঁর দাবি, ভিডিওতে যে টাকা গ্রহণ করতে দেখা যাচ্ছে, সেটি কোনো ঘুষের অর্থ নয়; বরং তিনি আগে ব্যক্তিগতভাবে ধার দেওয়া টাকা ফেরত নিচ্ছিলেন। তিনি বলেন, অনেকেই তাঁর কাছ থেকে ব্যক্তিগতভাবে টাকা ধার নেন এবং পরে তা পরিশোধ করেন। ভাইরাল ভিডিওটি সেই সময় ধারণ করা হয়েছে।
তবে কার কাছে তিনি টাকা ধার দিয়েছিলেন বা ভিডিওতে দেখা ব্যক্তির পরিচয় কী—এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো তথ্য দিতে রাজি হননি।
এ বিষয়ে বক্তব্য জানতে বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিব্বির আহমেদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান জানান, এর আগেও সরেজমিনে ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে গিয়ে ইমরান শেখকে কর্মস্থলে অনুপস্থিত পাওয়ায় তাঁকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছিল। তিনি বলেন, টাকা গ্রহণের অভিযোগ তদন্তে সত্য প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

