ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন।
সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০-এর ১১(ক)(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. এমতাজ হোসেনকে উপ-উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাসহ বিধি অনুযায়ী পদ-সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।
এতে আরও বলা হয়, উপ-উপাচার্য হিসেবে তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সার্বক্ষণিক অবস্থান করবেন এবং বিশ্ববিদ্যালয়ের আইন, বিধি ও সংবিধি অনুযায়ী অর্পিত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। প্রয়োজনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
অধ্যাপক ড. এমতাজ হোসেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক। এর আগে তিনি কলা অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (ইউট্যাব) ইবি শাখার কার্যনির্বাহী সদস্য এবং জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে রাজপথে সক্রিয় ভূমিকা রাখেন তিনি।
নিয়োগপ্রাপ্তির পর অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে কাজ করে ইসলামী বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক অঙ্গনে আরও মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যেতে তিনি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

