ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান সামরিক অভিযানে নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ৩৩৩ জনে পৌঁছেছে। একই সময়ে আহত হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ২৩ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হালনাগাদ তথ্যের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় তিনজন ফিলিস্তিনি নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। এছাড়া পূর্ববর্তী হামলায় আহত আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মন্ত্রণালয় আরও জানায়, গত অক্টোবরে ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। তাদের দাবি, যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ২০৭ জন নিহত এবং ৩ হাজার ৯১৪ জন আহত হয়েছেন।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হতাহতদের এ পরিসংখ্যান গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যের ভিত্তিতে তুলে ধরা হয়েছে। তবে ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক মানুষ চাপা পড়ে থাকায় নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

