ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তা সরোয়ার হোসেনের ঘুষ গ্রহণের অভিযোগে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে তাকে একজন সেবাগ্রহীতার কাছ থেকে টাকা গ্রহণ, তা গুনে দেখা এবং কাজ দ্রুত সম্পন্ন করার আশ্বাস দিতে দেখা ও শোনা যায়।
সোমবার (২৭ জুলাই) দুপুর থেকে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়।
ভিডিওতে দেখা যায়, সরোয়ার হোসেন তার ব্যক্তিগত কক্ষে বসে একজনের কাছ থেকে টাকা গ্রহণ করেন এবং সেটি গুনে দেখেন। এরপর তিনি সেবাগ্রহীতাকে উদ্দেশ করে বলেন, ‘এক মাসের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে’, যা ঘুষ গ্রহণের অভিযোগকে আরও জোরালো করেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে।
তবে ভিডিওটির সত্যতা ও প্রেক্ষাপট সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও অভিযুক্ত ভূমি উপসহকারী কর্মকর্তা সরোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন জানান, তিনি ভিডিওটি দেখেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে দ্রুত প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

