ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন এক নারী কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। সোমবার (২৭ জুলাই) বিকেলে উপজেলার ফুলসূতী ইউনিয়নের ফুলসূতী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ওই নারী ফুলসূতী বাজার এলাকায় অবস্থান করছিলেন। সোমবার বিকেলে প্রসব বেদনা শুরু হলে স্থানীয়দের সহযোগিতায় তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন। পরে স্থানীয়রা দ্রুত মা ও নবজাতককে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
নগরকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইফতেখার আজাদ জানান, বর্তমানে মা ও নবজাতক উভয়েই সুস্থ রয়েছেন এবং হাসপাতালের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।
ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আল ফাহাদ এবং নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ। তারা মা ও নবজাতকের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন বলেন, গ্রাম পুলিশের মাধ্যমে ঘটনাটি জানতে পেরে তিনি তাৎক্ষণিকভাবে মা ও শিশুকে হাসপাতালে নেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, ‘এখন অনেক ভালো লাগছে। আমরা একটি নতুন প্রাণ পেয়েছি।’
তিনি আরও জানান, মা ও নবজাতকের পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের সার্বিক দায়িত্ব সরকার গ্রহণ করবে। পরিচয় শনাক্ত হওয়ার পর আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাদের পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে।

