বাংলাদেশি ব্যবসায়ী ও দর্শনার্থীদের জন্য চীনের ১৪০তম ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ার (ক্যান্টন ফেয়ার)-এ অংশগ্রহণের লক্ষ্যে ভিসা প্রক্রিয়া সহজ করার ঘোষণা দিয়েছে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস।
মঙ্গলবার (২৮ জুলাই) দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ সালের ১৫ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত চীনের গুয়াংজুতে তিন ধাপে অনুষ্ঠিত হবে ১৪০তম ক্যান্টন ফেয়ারের অনসাইট প্রদর্শনী। এতে অংশ নিতে আগ্রহী বাংলাদেশি আবেদনকারীদের জন্য বিশেষ ভিসা সুবিধা চালু করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ক্যান্টন ফেয়ার ভিসার জন্য আবেদন করতে হলে শুধু ১৪০তম ক্যান্টন ফেয়ারের অফিসিয়াল আমন্ত্রণপত্র জমা দিলেই হবে। এটিই ভিসা আবেদনের একমাত্র বাধ্যতামূলক নথি। তবে আবেদনকারীরা চাইলে অনলাইন আবেদনের সঙ্গে অতিরিক্ত সহায়ক নথি হিসেবে পূর্ববর্তী ভিসা, ভ্রমণের রেকর্ড এবং প্রতিষ্ঠানের গ্যারান্টি লেটার সংযুক্ত করতে পারবেন, যা আবেদন যাচাই প্রক্রিয়াকে আরও সহজ করতে পারে।
চীনা দূতাবাস জানিয়েছে, অসম্পূর্ণ বা ভুল তথ্যসম্বলিত আবেদন গ্রহণ করা হবে না। এ ধরনের আবেদন সংশোধনের জন্য ফেরত পাঠানো হতে পারে। তাই অনলাইন আবেদনপত্র যথাযথভাবে, সম্পূর্ণ এবং নির্ভুল তথ্য দিয়ে পূরণ করার আহ্বান জানানো হয়েছে।
এছাড়া ভুয়া বা পরিবর্তিত আমন্ত্রণপত্র, মিথ্যা তথ্য কিংবা জাল নথি জমা দিলে ভিসা আবেদন প্রত্যাখ্যাত হতে পারে। এমনকি ভবিষ্যতের ভিসা আবেদনেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছে দূতাবাস। আবেদনকারীদের নিজেদের ভিসা ফর্ম নিজেরাই পূরণ করার পরামর্শও দেওয়া হয়েছে।
দূতাবাস আরও জানিয়েছে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ভিসা সেবা প্রদানের জন্য অনুমোদন দেওয়া হয়নি। ভিসার ধরন, মেয়াদ, অবস্থানের সময়সীমা এবং প্রবেশের সংখ্যা সংশ্লিষ্ট নীতিমালা ও আবেদনকারীর ব্যক্তিগত পরিস্থিতি বিবেচনা করে নির্ধারণ করা হবে।
একই সঙ্গে ‘নিশ্চিত ভিসা’, ‘ভিসা না হলে টাকা লাগবে না’, ‘ভেতরের যোগাযোগ’ কিংবা ‘বিশেষ চ্যানেল’-এর মতো প্রতারণামূলক প্রচারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে চীনা দূতাবাস।

