ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে নিয়ন্ত্রণ হারানো একটি মালবাহী ট্রাকের ধাক্কায় এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও চার যাত্রী গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে মহাসড়কের ঢাকামুখী লেনের সোনাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মায়া আলম (৪০) উপজেলার সোনাখালী এলাকার বারাকপুর গ্রামের ভাড়াটিয়া ছিলেন। তিনি পেশায় রাজমিস্ত্রী হলেও অতিরিক্ত আয়ের জন্য অটোরিকশা চালাতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তার পৈতৃক বাড়ি ভোলা জেলায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে ঢাকামুখী একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক মায়া আলম নিহত হন।
দুর্ঘটনায় আহত হন উপজেলার বাপলুপুর এলাকার মো. শহিদ, সোনাখালী এলাকার মো. আলিনুর, সোনারগাঁজী এলাকার মো. টিকা খান এবং সোনাখালী এলাকার মো. সুরুজ মিয়া। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বারাকা হাসপাতালে ভর্তি করেন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে।
হাইওয়ে পুলিশের সার্জেন্ট আওলাদ হোসেন জানান, দুর্ঘটনার পর দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

