সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনুসারীর সংখ্যায় দেশের সব তারকাকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। দীর্ঘদিন এ তালিকার শীর্ষে থাকা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে ছাড়িয়ে বর্তমানে দেশের সর্বাধিক ফেসবুক অনুসারীর মালিক তিনি।
সোমবার (২৮ জুলাই) সকালে দুই তারকার ভেরিফায়েড ফেসবুক পেজ পর্যালোচনায় দেখা যায়, পরীমনির অনুসারীর সংখ্যা ১ কোটি ৭০ লাখ ছাড়িয়েছে। অন্যদিকে সাকিব আল হাসানের অনুসারী ১ কোটি ৬০ লাখের বেশি। ফলে বর্তমানে দুই তারকার মধ্যে অনুসারীর ব্যবধান প্রায় ১০ লাখ।
গত বছর পর্যন্ত পরীমনি ও সাকিবের অনুসারীর সংখ্যা প্রায় সমান ছিল। একপর্যায়ে সাকিব আবার এগিয়ে গেলেও সাম্প্রতিক সময়ে দ্রুত অনুসারী বাড়িয়ে শীর্ষস্থান দখল করেন পরীমনি।
দুই তারকার ফেসবুক ব্যবহারের ধরনেও রয়েছে পার্থক্য। সাকিব আল হাসানের পেজ থেকে মাত্র ছয়টি ব্যক্তি ও প্রতিষ্ঠানের পেজ অনুসরণ করা হয়। এর মধ্যে রয়েছেন লিওনেল মেসি, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, সাকিব আল হাসান ফাউন্ডেশন এবং ফরচুন বরিশালের অফিসিয়াল পেজ।
অন্যদিকে পরীমনির পেজ থেকে অনুসরণ করা হয় ১৬১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পেজ। তাঁর অনুসরণের তালিকায় রয়েছেন লিওনেল মেসি, শাকিব খান, শাবনূর, হৃতিক রোশন, বিদ্যা বালান, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, শ্রদ্ধা কাপুর, মরগান ফ্রিম্যান, টেইলর সুইফটসহ দেশি-বিদেশি বিনোদন ও ক্রীড়াঙ্গনের অসংখ্য তারকা।
ফেসবুক অনুসারীর সংখ্যায় শীর্ষস্থান অর্জনের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের জনপ্রিয়তার আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করলেন পরীমনি।

