বাংলাদেশের অন্যতম অভিজ্ঞ ও নির্ভরযোগ্য ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ অর্গানিক ও নিরাপদ খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ‘ঘরের বাজার’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন। এর মাধ্যমে তিনি প্রতিষ্ঠানটির নতুন পথচলায় এক নতুন ইনিংস শুরু করলেন। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মাহমুদউল্লাহ রিয়াদ ঘরের বাজারের আওতাধীন বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ড—স্বস্তি, হানিরাজ, খেজুরি, গ্লারভেস্ট এবং ইসলামিক লাইফস্টাইল ফ্যাশন ব্র্যান্ড ‘তাবায়া’-এর প্রচারণামূলক ক্যাম্পেইন, ডিজিটাল কনটেন্ট ও বিভিন্ন বাজারজাতকরণ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেবেন।
গত মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর বনশ্রীতে অবস্থিত ঘরের বাজারের প্রধান কার্যালয়ে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেওয়া হয়। এ সময় মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে ঘরের বাজারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ক্রিকেট তারকা রিয়াদ ঘরের বাজারের ফ্যাশন ব্র্যান্ড তাবায়ার বিশেষ থোব (জুব্বা) ও পাঞ্জাবি পরিধান করে ফটোসেশনে অংশ নেন।
ভোক্তাদের কাছে শতভাগ মানসম্মত, খাঁটি ও নিরাপদ খাদ্যপণ্য পৌঁছে দেওয়ার মূল লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে ঘরের বাজার। তাদের পণ্য তালিকায় স্থানীয় নিত্যপ্রয়োজনীয় অর্গানিক খাদ্যের পাশাপাশি বিশ্ববাজার থেকে সংগৃহীত উন্নতমানের খাদ্যসামগ্রীও রয়েছে। দীর্ঘ আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে মাহমুদউল্লাহ রিয়াদের ধারাবাহিক পারফরম্যান্স, অনন্য পেশাদারিত্ব ও দায়িত্বশীল ব্যক্তিত্ব দেশজুড়ে সমাদৃত। ঘরের বাজার কর্তৃপক্ষের মতে, রিয়াদের এই সততা ও গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠানটির গুণগত মান, বিশ্বাস এবং আস্থার দর্শনের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।
নতুন এই অংশীদারত্ব প্রসঙ্গে মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ঘরের বাজার বর্তমানে বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত একটি ব্র্যান্ডে পরিণত হয়েছে। তাদের পণ্যের মান ও সেবার প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। আশা করছি, এই যৌথ পথচলার মাধ্যমে ভবিষ্যতে আমরা দারুণ কিছু উপহার দিতে পারব। ঘরের বাজার জানিয়েছে, মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে তাদের নতুন বিজ্ঞাপনী ক্যাম্পেইন ও ডিজিটাল কনটেন্ট তৈরির কাজ খুব শীঘ্রই শুরু হবে।

