রাঙামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের আয়োজনে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে শুরু হয়েছে ‘১ম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্প-২০২৬’। বুধবার (২৬ আগস্ট) বৃষ্টিস্নাত পরিবেশে কাপ্তাইয়ের রাইংখ্যং আইল্যান্ডে ক্যাম্পটির উদ্বোধন করা হয়। পাঁচ দিনব্যাপী এ ক্যাম্প চলবে ২৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত।
ক্যাম্পে দেশের ৬৪ জেলা থেকে ২৫০ জন স্কাউট, গার্লস ইন স্কাউট, রোভার স্কাউট, গার্লস ইন রোভার স্কাউট ও অ্যাডাল্ট লিডার অংশ নিচ্ছেন। রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় অ্যাডভেঞ্চার কার্যক্রমের পাশাপাশি প্রকৃতি, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে অংশগ্রহণকারীদের পরিচিত করানো হবে। একই সঙ্গে নেতৃত্ব, দলগত কাজ, আত্মনির্ভরতা ও প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার দক্ষতা বৃদ্ধির লক্ষ্য রয়েছে এ আয়োজনের।
বুধবার দুপুর সাড়ে ১২টায় রাইংখ্যং আইল্যান্ডে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের উদ্বোধন করেন রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলমগীর হোসেন।
তিনি বলেন, স্কাউটিংয়ের মাধ্যমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানবিক গুণাবলি অর্জনের সুযোগ তৈরি হয়। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় স্কাউটদের ভূমিকা স্মরণ রাখার মতো।
বাংলাদেশ স্কাউটসের যুগ্ম নির্বাহী পরিচালক এ এইচ এম মুহসিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ টেলিভিশনের সংবাদ উপস্থাপক মেহেনাজ মুন্নি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটসের সাবেক জাতীয় উপ-কমিশনার জিয়াউল হুদা হিমেল। বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম পরিচালক মোসা. মাহফুজা পারভীন। ক্যাম্পের কেন্দ্রীয় ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন আঞ্চলিক উপ-কমিশনার (নৌ অঞ্চল) ও কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম।
উদ্বোধনী দিনের কর্মসূচিতে অংশগ্রহণকারীরা কাপ্তাই লেকে ওয়াটার অ্যাক্টিভিটিতে অংশ নেন। পরে বোটযোগে রাইংখ্যং আইল্যান্ডে গিয়ে তাঁরা তাবু স্থাপনসহ বিভিন্ন কার্যক্রমে অংশ নেন। দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে রাঙামাটির ঝুলন্ত সেতু ও পলওয়েল পার্ক পরিদর্শন এবং রাতে ক্যাম্প ফায়ার।
ক্যাম্পে অংশ নেওয়া স্কাউটরা জানান, প্রকৃতির সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়া এবং নানা প্রতিকূল পরিস্থিতিতে চ্যালেঞ্জ মোকাবিলার অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যেই তাঁরা এ ক্যাম্পে অংশ নিয়েছেন। নেতৃত্ব, দলগত কাজ ও আত্মনির্ভরতার দক্ষতা বৃদ্ধিতেও এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা মনে করেন।

