আইএফআইসি ব্যাংক থেকে ৬০৪ কোটি টাকা ঋণ কেলেঙ্কারির অভিযোগে সালমান এফ রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা
আইএফআইসি ব্যাংক থেকে অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে কোটি কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ ও মানিলন্ডারিংয়ের অভিযোগে বেক্সিমকো গ্রুপের সাবেক চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, তার ছেলে আহমেদ সায়ান ফজলুর রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুদকের সাইদুর রহমান খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, আইএফআইসি ব্যাংক পিএলসির সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমান, তার ছেলে ও ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যান আহমেদ সায়ান ফজলুর রহমানসহ পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করেছেন বলে অভিযোগ রয়েছে। তারা ‘স্কাইমার্ক ইন্টারন্যাশনাল লিমিটেড’ নামে একটি অস্তিত্বহীন ও নামসর্বস্ব প্রতিষ্ঠান গড়ে তোলেন বলে অনুসন্ধানে বলা হয়েছে।
পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি সার্কুলার এবং আইএফআইসি ব্যাংকের সিআরএম পলিসি-২০১৭-এর বিধি লঙ্ঘন করে ঋণগ্রহীতার যোগ্যতা যাচাই ও পর্যাপ্ত জামানত ছাড়াই ঋণ অনুমোদন ও বর্ধিত করা হয় বলে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে।
দুদকের তথ্য অনুযায়ী, এ প্রক্রিয়ায় নগদ ট্রান্সফারের মাধ্যমে ৫৩৮ কোটি ১৬ লাখ ২৪ হাজার ৪৮২ টাকা বিতরণ ও উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। সুদ ও অন্যান্য চার্জসহ ব্যাংকের মোট আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৬০৪ কোটি ৬৯ লাখ ৬৫ হাজার ৪৭৬ টাকা ৩ পয়সা।
এ ছাড়া আত্মসাৎ করা অর্থের উৎস আড়াল করতে বিপুল পরিমাণ অর্থ নগদে উত্তোলন ও স্থানান্তরের মাধ্যমে মানিলন্ডারিংয়ের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক।
এসব অভিযোগে দণ্ডবিধির ৪০৯, ৪২০ ও ১০৯ ধারা, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং ২০১২ সালের মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ৪(২) ধারায় সালমান এফ রহমান ও আহমেদ সায়ান ফজলুর রহমানসহ মোট ২৫ জনের বিরুদ্ধে মামলা রুজুর অনুমোদন দিয়েছে দুদক।

