গাজীপুর মহানগরের পূবাইল থানার মেঘডুবি এলাকায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মা ও মেয়ে নিহত হয়েছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—শেরপুরের শ্রীবরদী থানার বাগহাতা এলাকার মনির হোসেনের স্ত্রী রুজুকা বেগম (৩০) ও তাদের তিন বছর বয়সী মেয়ে ইয়ামনি।
গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানার উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন জানান, ধারণা করা হচ্ছে, রাতে মেঘডুবি এলাকায় সড়কের পাশ দিয়ে মেয়েকে কোলে নিয়ে হাঁটছিলেন রুজুকা বেগম। এ সময় অজ্ঞাতনামা একটি গাড়ি তাদের ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়।
দুর্ঘটনায় মা-মেয়ে দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক রুজুকা বেগমকে মৃত ঘোষণা করেন। কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় মেয়ে ইয়ামনিরও মৃত্যু হয়।
এ ঘটনায় জড়িত গাড়ি ও চালককে শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

