মালয়েশিয়ার কাছে ৩–০ গোলে হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে আজ সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ফিফা আসিয়ান কাপের গ্রুপ পর্বে সেরা দুইয়ে থাকার সমীকরণে ম্যাচটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। এ ম্যাচকে সামনে রেখে একাদশ ঘোষণা করেছেন বাংলাদেশ দলের কোচ থমাস ডুলি।
ঘোষিত একাদশে জায়গা পেয়েছেন অধিনায়ক জামাল ভূঁইয়া ও তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী। গোলপোস্টের দায়িত্বে থাকছেন মেহেদী হাসান শ্রাবণ। একাদশে রয়েছেন জাপানি বংশোদ্ভূত ২২ বছর বয়সী উইঙ্গার শুকি ইতোফুসাও।
গত বছরের জুনে ঢাকায় এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে গোলকিপার ও রক্ষণভাগের ভুলে সিঙ্গাপুরের কাছে হেরেছিল বাংলাদেশ। প্রতিপক্ষের মাঠে ফিরতি লেগে ভালো খেলেও পেনাল্টি থেকে করা গোলে হারতে হয়েছিল হামজাদের।
ফিফা র্যাংকিংয়েও বাংলাদেশের চেয়ে ৩৩ ধাপ এগিয়ে সিঙ্গাপুর। তবে গত এক বছরে দলটির বিপক্ষে দুটি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে আত্মবিশ্বাসী ও আক্রমণাত্মক ফুটবল খেলতে চান কোচ থমাস ডুলি।
আজ বিকেল ৩টায় শুরু হবে বাংলাদেশ ও সিঙ্গাপুরের ম্যাচটি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।
সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের একাদশ: মেহেদী হাসান শ্রাবণ (গোলকিপার), সাদ উদ্দিন, জিদান ইউসুফ, তারিক কাজী, জায়ান আহমেদ, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী, শমিত শোম, শুকি ইতোফুসা, রাকিব হোসেন ও শেখ মোরসালিন।
বদলি খেলোয়াড়: শাকিল আহাদ তপু, রহমত মিয়া, মিনহাজুল স্বাধীন, মোহাম্মদ হৃদয়, শাহরিয়ার ইমন, মিতুল মারমা, ফাহামেদুল ইসলাম, মো. সোহেল রানা, সোহেল রানা, সুজন হোসেন, মনজুরুর রহমান ও ফারহান আলী ওয়াহিদ।

