ময়মনসিংহের গফরগাঁওয়ে মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টা ২০ মিনিটে চলন্ত তিস্তা এক্সপ্রেস ট্রেনের হুক থেকে একটি বগি বিচ্ছিন্ন হয়। এ ঘটনা উপজেলার কাউরাইদ-মশাখালির মাঝামাঝি বড়াইগ্রাম এলাকায় ঘটে।
দৈনিক ইত্তেফাকের খবর অনুসারে, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি জামালপুরের দেওয়ানগঞ্জ যাচ্ছিল। ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি মো. আকতার হোসেন বলেন, ট্রেনটির একটি বগি হুক থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হলেও ভাগ্যক্রমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রেনের চালক তাৎক্ষণিক বিষয়টি বুঝতে পেরে ট্রেনটি থামিয়ে দেন।
পরে রেলওয়ের কর্মীদের চেষ্টায় সকাল ১১টার দিকে বিচ্ছিন্ন বগিটি হুকের সঙ্গে পুনরায় সংযুক্ত করা হয়। এরপর ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। তিনি আরও বলেন, ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় কোনো রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল না। সব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

