বাণিজ্য বিষয়ে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের ১৬তম বৈঠক আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হচ্ছে। দুই দিনব্যাপী বৈঠকটি শেষ হবে আগামীকাল শুক্রবার।
বৈঠকে বাংলাদেশ দুই দেশের বাণিজ্যে বিদ্যমান বিভিন্ন বাধা, পাটজাত পণ্যে ভারতের আরোপিত অ্যান্টিডাম্পিং শুল্ক, স্থলবন্দর-সংক্রান্ত সমস্যা এবং দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের বিভিন্ন বিষয় তুলে ধরবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারের নেতৃত্বে ১০ সদস্যের একটি সরকারি প্রতিনিধিদল বৈঠকে অংশ নিতে মঙ্গলবার নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছাড়ে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ভারতে ১৭৫ কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে। একই সময়ে ভারত বাংলাদেশে এক হাজার ৯৬ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে।
চীনের পর ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আমদানি উৎস। বাংলাদেশের ব্যবসায়ীরা ভারত থেকে শিল্পের কাঁচামাল, কাপড়, সুতা ও তুলাসহ বিভিন্ন পণ্য আমদানি করে থাকেন। ফলে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সহজ ও ভারসাম্যপূর্ণ করতে এবারের বৈঠককে গুরুত্ব দেওয়া হচ্ছে।

