মেধার স্বীকৃতিস্বরূপ সিরাজগঞ্জ জেলার ১৫৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির ৮৫২ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা সনদ দিয়েছে মানবকল্যাণমূলক প্রতিষ্ঠান খাজা মোজাম্মেল হক (রহ.) ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টা ৫৫ মিনিটে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সোহাগপুর নতুন পাড়া আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তি ও সম্মাননা সনদ তুলে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রধান অতিথি খাজা টিপু সুলতান।
সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপপরিচালক, স্থানীয় সরকার (ভারপ্রাপ্ত) গণপতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান, বেলকুচি সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শহিদুল হাসান, সিরাজগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মো. আব্দুল্লাহ আল মামুন এবং বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তারুজ্জামান।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সোহাগপুর নতুন পাড়া আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শফিকুল ইসলাম সরকার (সোহেল)। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মেহেদী মাসুদ।
জেলার শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, আমন্ত্রিত অতিথি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে খাজা টিপু সুলতান বলেন, ফাউন্ডেশনের ২৫ বছর পূর্তি উপলক্ষে সবাইকে ভালো মানুষ হয়ে সমাজে মাথা উঁচু করে দাঁড়ানোর অঙ্গীকার করতে হবে। সত্য কথা বলা, প্রতারণা থেকে বিরত থাকা, অন্যের বৈধ অধিকারকে নিজের স্বার্থের চেয়ে প্রাধান্য দেওয়া এবং আত্মশুদ্ধি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ফাউন্ডেশনের বৃহত্তর সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়কারী আরমান খানের উপস্থাপনায় অনুষ্ঠানে ‘মেধায় মাতি’ নামে মেধাভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতামূলক আয়োজন ছিল অন্যতম আকর্ষণ। এতে উপস্থিত শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিরা আনন্দের সঙ্গে অংশ নেন।
ফাউন্ডেশনের বৃহত্তর উত্তরাঞ্চলের প্রধান সমন্বয়কারী ছায়েদুল ইসলাম ভুঞা রোমেলের সার্বিক সমন্বয়ে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ সোহেল হোসেন ইবনে বতুতা, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের প্রধান সমন্বয়কারী মো. শাহজাহান, বৃহত্তর ঢাকা অঞ্চলের প্রধান সমন্বয়কারী মেজবাউল আলম রিপন, উপদেষ্টামণ্ডলীর সদস্য মো. শামছুল আলমসহ ফাউন্ডেশনের অন্যান্য উপদেষ্টা ও কর্মকর্তারা।
ফাউন্ডেশন সূত্রে জানা যায়, ২০০১ সাল থেকে খাজা মোজাম্মেল হক (রহ.) ফাউন্ডেশন দেশজুড়ে বৃত্তি প্রদানের পাশাপাশি আরও দুটি মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে ঢাকার শ্যামলীতে ও শ্রীমঙ্গলের জান্নাতুল ফেরদৌস কমপ্লেক্সে বিনামূল্যে চিকিৎসাসেবা ও চিকিৎসাপত্র দেওয়ার ব্যবস্থা রয়েছে। পাশাপাশি খাজা শাহ ইউনুছ আলী এনায়েতপুরী (রহ.)-এর নেছবতভুক্ত অসচ্ছল কর্মক্ষম ভক্তদের এককালীন মূলধন সহায়তা দেওয়া হয়, যা ‘ছাদকা-ই-জারিয়া’ হিসেবে পরিচালিত হচ্ছে।

