চট্টগ্রামের ফটিকছড়িতে নিখোঁজ হওয়ার প্রায় ১৩ ঘণ্টা পর হালিমা আক্তার (৩) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার দাঁতমারা ইউনিয়নের নিশ্চিন্তা এলাকায় এক প্রতিবেশীর ঘরের আলনার নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় শিশুটির বাবা নাছির উদ্দিন বাদী হয়ে জমিজমা বিরোধের জেরে প্রতিবেশী আবদুল আউয়াল, তার স্ত্রী আসমা বেগম ও ছেলে রবিউলসহ অজ্ঞাতনামা আরও ৩–৪ জনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ এ ঘটনায় তিন আসামিকে গ্রেফতার করেছে।
নিহত হালিমা নিশ্চিন্তা এলাকার নাছির উদ্দিন ও রাশেদা আক্তার দম্পতির মেয়ে।
পরিবার সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সকাল ৮টা থেকে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। দিনভর সন্ধান না পেয়ে বিকেল ৫টার দিকে পরিবারের পক্ষ থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেওয়া হয়। খবর পেয়ে দাঁতমারা পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান শুরু করেন। একপর্যায়ে রাত ৯টার দিকে প্রতিবেশী আবদুল আউয়ালের ঘরের ভেতর তল্লাশি চালিয়ে আলনার নিচে শিশুটির লাশ পাওয়া যায়।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, খবর পেয়ে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করেছে। এজহারনামীয় তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট জানা যাবে।

