বিশ্ব ফুটবলে ব্যক্তিগত পারফরম্যান্সের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি’অর। আগামীকাল সোমবার রাতে লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিজয়ীর হাতে তুলে দেওয়া হবে এই পুরস্কার। অনুষ্ঠানকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে চলছে নানা আলোচনা ও জল্পনা। এবারের ব্যালন ডি’অর জয়ের দৌড়ে মূল প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছে তিনজনকে ঘিরে। তবে সাম্প্রতিক হিসাব-নিকাশে লামিনে ইয়ামালের সম্ভাবনা কিছুটা কমেছে। অন্যদিকে, এগিয়ে রয়েছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন।
বিভিন্ন বুকমেকারের বাজির দর পরিবর্তনের কারণে এবারের ব্যালন ডি’অরের সম্ভাব্য বিজয়ী নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। বুকমেকারদের গড় হিসাব অনুযায়ী, পুরস্কারটি জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার হ্যারি কেইন। অসাধারণ এক মৌসুমে ৬৫টি প্রতিযোগিতামূলক ম্যাচে ৭৩টি গোল করেছেন তিনি। শনিবার বুকমেকারদের হিসাবে কেইনের জয়ের পক্ষে বাজির দর ছিল ১.৩৫, যা অন্য প্রতিদ্বন্দ্বীদের তুলনায় তাকে এগিয়ে রেখেছে।
অন্যদিকে, কয়েক ঘণ্টার ব্যবধানে বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামালের ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা নিয়ে বুকমেকারদের হিসাব বদলে গেছে। আগে যেখানে তার পক্ষে বাজির দর ছিল ৩.২৫, তা বেড়ে দাঁড়িয়েছে ৬.০০-তে।
গত মৌসুমে লা লিগায় ১৬টি গোল করার পাশাপাশি ১১টি অ্যাসিস্ট করেন ইয়ামাল। তার পারফরম্যান্সে বার্সেলোনা শিরোপা ধরে রাখার পাশাপাশি স্প্যানিশ সুপার কাপও জেতে। ক্লাবের হয়ে ধারাবাহিক নৈপুণ্যের কারণে ব্যালন ডি’অরের অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছিলেন এই তরুণ ফুটবলার।
এ ছাড়া ২০২৬ বিশ্বকাপে স্পেনের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার বিষয়টিও ইয়ামালের পক্ষে বড় বিবেচনা হিসেবে দেখা হচ্ছিল। অতীতে ব্যালন ডি’অরের ভোটে বিশ্বকাপের পারফরম্যান্স গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। তবে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার দেওয়া একটি পুরস্কারে ইয়ামালকে ছাড়িয়ে কেইনের জয় এবারের প্রতিদ্বন্দ্বিতায় নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করা হচ্ছে।
ব্যালন ডি’অরের বিজয়ী নির্ধারণে নির্দিষ্ট দেশগুলোর নির্বাচিত ক্রীড়া সাংবাদিক ভোট দিয়ে থাকেন। পুরুষদের বিভাগে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০টি দেশের একজন করে সাংবাদিক এবং নারীদের বিভাগে শীর্ষ ৫০টি দেশের একজন করে সাংবাদিক ভোট দেন। ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা থেকে প্রত্যেক ভোটার ক্রমানুসারে সেরা ১০ খেলোয়াড়কে বেছে নেন।
ভোটের ক্রমানুসারে পয়েন্ট দেওয়া হয়। প্রথম স্থানের জন্য ১৫, দ্বিতীয় স্থানের জন্য ১২ এবং তৃতীয় স্থানের জন্য ১০ পয়েন্টসহ নির্ধারিত নিয়মে অন্য খেলোয়াড়দেরও পয়েন্ট দেওয়া হয়। সব ভোট গণনা শেষে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া খেলোয়াড়ের হাতেই ওঠে ব্যালন ডি’অর।

