অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে দুর্দান্ত ছন্দে রয়েছে বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে ইউরোপের দেশ মন্টেনেগ্রোকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ‘ই’ টায়ারের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের জয়ে জোড়া গোল করেছেন পাভেল।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত ই-টায়ারের কোয়ার্টার ফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। ম্যাচের ৯ মিনিটেই বায়েজিদের গোলে এগিয়ে যায় দল। তার গোলে প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর দায়িত্ব নেন পাভেল হাসান। তার জোড়া গোলে ম্যাচের নিয়ন্ত্রণ আরও দৃঢ় করে বাংলাদেশ। পাভেলের দুই গোলের মাঝে একবার প্রতিপক্ষের জালে বল পাঠান শিবাক কুমার মালি। শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে দল।
আজারবাইজানে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে ১৮৯টি দেশ। বাছাই পর্বের খেলায় বাংলাদেশ ‘সি’ গ্রুপে পঞ্চম হয়েছিল। পঞ্চম স্থানে থাকা ৩২ দল নিয়ে ‘ই’ টায়ারের নক আউট পর্ব চলছে। সেখানে বাংলাদেশ তিন ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছে। ফিফা ছয় টায়ারে ছয় চ্যাম্পিয়ন নির্ধারণ করবে।

