জামালপুরের বকশীগঞ্জে অটোরিকশার চার্জার চুরির ঘটনাকে কেন্দ্র করে বাড়ি ঘরে হামলা, ভাঙচুর ও গরু, মহিষ ও পুকুরের মাছ লুটের অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (৩ অক্টোবর) রাতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
বাট্টাজোড় ইউনিয়নের পানাতিয়া এলাকায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মিষ্টি আক্তার বলেন, গত ২৭ অক্টোবর আমাদের অটোরিকশার চার্জার চুরির ঘটনা ঘটে। চুরির বিষয়টি সিসি ক্যামেরায় ধরা পড়েছে। নাদের মুন্সির ছেলে আবুল চার্জারটি চুরি করে নূর হোসেনের ছেলে সোহাগের কাছে বিক্রি করেছে। বিষয়টি নিয়ে আবুলের বাবাকে জানালে আবুল আরো ক্ষিপ্ত হয়ে পরদিন দুপুরে আমার শ্বশুর ফজলুর রহমানের ওপর হামলা করে মারধর করেছে।
এছাড়াও ২৯ অক্টোবর সকালে আবুল, সোহাগ, রাকিব গোষ্ঠী আমাদের বাড়িতে এসে আবারও হামলা চালিয়েছে এবং ভাঙচুর করেছে। এই সময় তারা আমাদের গরু, মহিষ, হাঁস ও পুকুরের মাছ লুট করে নিয়ে গেছে। এছাড়াও রাতের আঁধারে ১০ শতাংশ জমির কাঁচা ধান কেটে নেওয়ার অভিযোগও উঠেছে।
এই ঘটনায় লুট করা গরু, মহিষ, ছাগল উদ্ধার করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী মিষ্টি আক্তার। সেই সঙ্গে প্রশাসনের নিকট তাদের পরিবারের নিরাপত্তা দাবি করেছেন।

