জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সারা দেশে ৬৭৩টি মামলা রয়েছে, যার মধ্যে ৪৫৭টি হলো হত্যা মামলা। পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী, এসব মামলার মধ্যে জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। একই ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে আরও ছয়টি মামলা বিচারাধীন।
গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন। সম্প্রতি তার পক্ষে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠানো হয়েছে বলে রয়টার্স জানিয়েছে। তবে দিল্লি হাইকমিশন জানিয়েছে, শেখ হাসিনা নতুন পাসপোর্ট বা এনআইডির জন্য কোনো আবেদন করেননি।
২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সরকারের পতনের পর তৎকালীন অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে। পুনর্গঠিত ট্রাইব্যুনালের বিচারকাজ শুরুর প্রথম দিন, ২০২৪ সালের ১৭ অক্টোবর শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। ওই মামলার রায় হয় ২০২৫ সালের ১৭ নভেম্বর।
জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা ও তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দিয়েছেন। রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

