সিলেটের আম্বরখানা এলাকায় খাবারের একটি আউটলেটের সেলসম্যানের বিরুদ্ধে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ বিষয়ে সহায়তা চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমানকে ফোন করলে তিনি বিরূপ মন্তব্য ও ক্ষোভ প্রকাশ করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষার্থী। বিষয়টি সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে নিজের আচরণের জন্য ভুক্তভোগীর কাছে দুঃখ প্রকাশ করেন প্রক্টর।
ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ অনুযায়ী, বুধবার (১১ নভেম্বর) দুপুর ২টার দিকে নগরীর আম্বরখানা এলাকায় খাবারের একটি আউটলেটে সমুচা ও বাখরখানি পার্সেল অর্ডার করেন তিনি। পার্সেল দেওয়ার সময় সেলসম্যান ইচ্ছাকৃতভাবে তাঁর হাত ধরে জোরে চাপ দেন এবং হাতের ওপর নিজের বুড়ো আঙুল ঘষতে থাকেন। পরে অশালীন ভঙ্গিতে মুখ সামনে এগিয়ে এনে জিজ্ঞেস করেন, ‘আর কিছু লাগবে ম্যাম?’
ঘটনার বর্ণনা দিয়ে ওই শিক্ষার্থী জানান, তাৎক্ষণিকভাবে হাত সরিয়ে নিয়ে প্রতিবাদ করলে সেলসম্যান চমকে যাওয়ার ভান করে বিষয়টি অস্বীকার করেন এবং উল্টো তাঁকে ধমকাতে থাকেন। বিষয়টি আউটলেটের ম্যানেজারকে জানালে তিনি ‘বাদ দেন ম্যাডাম’ বলে এড়িয়ে যান। বারবার অনুরোধ করা সত্ত্বেও কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করেনি বলে অভিযোগ করেন ওই শিক্ষার্থী।
এদিকে, আউটলেট থেকে বেরিয়ে সহায়তার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমানকে ফোন করেন ওই ছাত্রী। তাঁর অভিযোগ, বিষয়টি শুনে বিরক্ত হয়ে প্রক্টর বলেন, ‘যে ব্যাড টাচ করেছে, সেটা ভার্সিটির দেখার দায়িত্ব নাকি? সে কি আমার কোম্পানিতে চাকরি করে? ঘটনা যেহেতু ক্যাম্পাসের ভেতরে নয়, সেহেতু প্রক্টর অফিস কেন দেখবে? আগে থানায় জিডি করে প্রক্টর অফিসে অভিযোগ দিতে।’
প্রক্টরের কাছ থেকে কাঙ্ক্ষিত সহযোগিতা না পেয়ে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ফেসবুক গ্রুপে নাম প্রকাশ না করে ‘যৌন হয়রানির শিকার এবং প্রক্টরের আচরণ’ শিরোনামে একটি পোস্ট দেন ওই শিক্ষার্থী। বিষয়টি ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে বিকেল ৫টার দিকে ভুক্তভোগী ছাত্রীসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা প্রক্টরের জবাবদিহি চেয়ে প্রক্টর অফিসে যান।
এ সময় প্রক্টর অফিসে ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. সাইফুল ইসলাম, সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. আশরাফ সিদ্দিকী, বিজয়-২৪ হলের প্রভোস্ট অধ্যাপক আ ফ ম জাকারিয়াসহ সহকারী প্রক্টররা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে অসুস্থ থাকার কথা উল্লেখ করে ভুক্তভোগী শিক্ষার্থীর সঙ্গে করা আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান।
ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, ‘আমি চাচ্ছিলাম উনি উনার আচরণের বিষয়টি স্বীকার করুন। উনি বিষয়টি স্বীকার করেছেন এবং দুঃখ প্রকাশ করেছেন। আমার প্রত্যাশা থাকবে, ভবিষ্যতে কোনো শিক্ষার্থী প্রক্টর অফিসে সাহায্য চেয়ে যেন এমন হয়রানির শিকার না হন এবং প্রশাসন শিক্ষার্থীদের সমস্যাগুলো বুঝে পদক্ষেপ নেয়। এ ছাড়া হয়রানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হোক।’
হয়রানির অভিযোগে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, জানতে চাইলে প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান বলেন, আইন অনুযায়ী ভুক্তভোগীকে আগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে। জিডি করার পর বিশ্ববিদ্যালয়ে আবেদন করলে পুলিশকে চাপ প্রয়োগ করা হবে, যাতে অভিযুক্তকে আইনের আওতায় এনে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়। জিডির আগে বিশ্ববিদ্যালয়ের বাইরে ঘটে যাওয়া ঘটনায় কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এখতিয়ার তাঁদের নেই বলে জানান তিনি।
উপস্থিত ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের বাইরে ঘটেছে। ভুক্তভোগী অভিযোগ না করলে বিষয়টির বৈধতা কমে যায়। ভুক্তভোগী জিডি করে এলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বলেন, ঢাকা থেকে ফেরার পথে তিনি অভিযোগ ওঠা আউটলেটে গিয়েছেন। সেখানকার ম্যানেজার ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছেন, যাতে হয়রানির অভিযোগে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়। এ ছাড়া জালালাবাদ থানার ওসি এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনারের সঙ্গেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়ে কথা বলেছেন তিনি।

