এক দিনের সরকারি সফরে লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করে। পরে তিনি অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার অনুষ্ঠানে যোগ দেন।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।
এয়ারফিল্ডে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উপপ্রেস সচিব জানান, এয়ারফিল্ডের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। পরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন করার কথা রয়েছে তার।
সফরসূচি অনুযায়ী, দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি সার্কিট হাউজে যাবেন। বিকেল ৩টায় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
এ ছাড়া জেলার কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানেও অংশ নেবেন সরকারপ্রধান।
উল্লেখ্য, বিএনপির নেতা হিসেবে ২২ বছর আগে লালমনিরহাট সফর করেছিলেন তারেক রহমান। তবে প্রধানমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম লালমনিরহাট সফর।

