সংকটকবলিত লেবানন, মিয়ানমার ও দক্ষিণ সুদানের তিন লাখের বেশি শিশুর শিক্ষার সুযোগ নিশ্চিত করতে ৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে জাতিসংঘের শিক্ষা তহবিল ‘এডুকেশন ক্যানট ওয়েট’ (ইসিডব্লিউ)।
শুক্রবার (২০ নভেম্বর) সুইজারল্যান্ডের জেনেভায় এ ঘোষণা দেওয়া হয়।
ইসিডব্লিউর পরিচালক মায়সা জালবুত সাংবাদিকদের জানান, ঘোষিত অর্থের মাধ্যমে সংকটের কারণে শিক্ষার বাইরে থাকা শিশুদের আবারও বিদ্যালয়ে ফিরিয়ে আনা, পড়াশোনায় পিছিয়ে পড়া ঘাটতি পূরণ এবং ভবিষ্যতে জরুরি পরিস্থিতি তৈরি হলেও শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে সহায়তা করা হবে।
ঘোষণা অনুযায়ী, বরাদ্দকৃত অর্থের মধ্যে লেবাননের প্রায় ৫৯ হাজার শিশুর জন্য ১ কোটি ৩০ লাখ ডলার, মিয়ানমারের দেড় লাখের বেশি শিশুর জন্য ১ কোটি ৬০ লাখ ডলার এবং দক্ষিণ সুদানের এক লাখের বেশি শিশুর জন্য ২ কোটি ৩০ লাখ ডলার রাখা হয়েছে।
মায়সা জালবুত জানান, ভবিষ্যতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে—এমন পরিস্থিতি মোকাবিলায়ও এসব কর্মসূচি প্রস্তুতি নেবে। আগাম সতর্কসংকেত নির্ধারিত পর্যায়ে পৌঁছালে দ্রুত অর্থ ছাড়ের জন্য ইতিমধ্যে ৫০ লাখ ডলারের বেশি অনুমোদন দেওয়া হয়েছে।
তিনি বলেন, প্রতিটি নতুন সংকটের পর এত দিন বিশ্ব শিক্ষা খাতে অর্থায়ন করেছে। তবে সংকট মোকাবিলায় আগাম প্রস্তুতি ও দীর্ঘমেয়াদি সহায়তা নিশ্চিত করাও জরুরি।
জালবুত আরও জানান, সম্প্রতি জেনেভায় অনুষ্ঠিত এক সম্মেলনে দাতাদের সহায়তায় ইসিডব্লিউর ৬০ কোটি ডলারের তহবিল সংগ্রহের লক্ষ্যমাত্রার ৯০ শতাংশ অর্জিত হয়েছে। তবে অন্যান্য সংকটকবলিত দেশের শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে আরও ৫ কোটি ৮০ লাখ ডলার প্রয়োজন।

