আসন্ন ২৩ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া টেপবল বিপিএলের দ্বিতীয় আসরকে সামনে রেখে ‘হিরোস অফ এইচএসকে’ (দিনাজপুর) দলের জার্সি উন্মোচন ও স্পনসর অ্যাপ্রিসিয়েশন অনুষ্ঠান জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর একটি স্বনামধন্য কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, জাতীয় পর্যায়ের খেলোয়াড়, দলের স্পনসর, কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার সৌম্য সরকার ও এনামুল হক বিজয়। এ ছাড়া দেশের শীর্ষস্থানীয় টেপবল ক্রিকেটার, জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ফয়সাল আহমেদ ফাহিম, রহমত মিয়া ও সোহেল রানা জুনিয়র, টেপবল ক্রিকেট বোর্ডের সভাপতি এবং ক্রীড়াঙ্গনের আরও বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
এ সময় ‘হিরোস অফ এইচএসকে’ দলের স্বত্বাধিকারী আহসান হাবিব, সহ-স্বত্বাধিকারী মেহরাব হোসেন জসি, দলের খেলোয়াড়, স্পনসর প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দলের স্বত্বাধিকারী আহসান হাবিব ও সহ-স্বত্বাধিকারী মেহরাব হোসেন জসি আসন্ন টেপবল বিপিএলে দলকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তাঁরা জানান, এবারের আসরে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য সামনে রেখে একটি ভারসাম্যপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল গঠন করা হয়েছে। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি দলীয় ব্যবস্থাপনা, পেশাদারিত্ব ও সামগ্রিক উপস্থাপনার মাধ্যমেও ‘হিরোস অফ এইচএসকে’ নিজেদের স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলতে চায়।
জার্সি উন্মোচন ও স্পনসরদের সম্মাননা পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। অতিথিরা দলের এমন আয়োজনের প্রশংসা করেন এবং আসন্ন আসরকে ঘিরে নিজেদের প্রত্যাশা ও শুভকামনা জানান। পুরো অনুষ্ঠানজুড়ে খেলোয়াড়, অতিথি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
নতুন উদ্যম, দৃঢ় প্রত্যয় ও শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে টেপবল বিপিএলের দ্বিতীয় আসরে মাঠে নামতে প্রস্তুত ‘হিরোস অফ এইচএসকে’ (দিনাজপুর)।

