ইউনিভার্সিটির স্নাতকদের জন্য তৃতীয় ভাষা শেখার গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরতে সোনারগাঁও ইউনিভার্সিটির সেন্টার ফর রিসার্চ, ট্রেনিং অ্যান্ড কনসালটেন্সি (সিআরটিসি)-এর সোশ্যাল সায়েন্স ডিভিশনের উদ্যোগে ‘The Importance of Learning a Third Language for University Graduates’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারের মূল বক্তা হিসেবে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক ও সাবেক সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মাইনুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের নির্বাহী সদস্য অ্যাডভোকেট উম্মে সালমা। এ সময় আরও উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর বুলবুল আহমেদ, ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর মো. আল-আমিন মোল্লাসহ ইউনিভার্সিটির অন্যান্য অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তারা। সেমিনারে সভাপতিত্ব করেন ইউনিভার্সিটির ট্রেজারার ও সিআরটিসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ একরামুল ইসলাম।
সেমিনারে উচ্চশিক্ষা, কর্মসংস্থান ও আন্তর্জাতিক পরিসরে নিজেদের সম্ভাবনা বিকাশে স্নাতকদের তৃতীয় ভাষা শেখার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। এ সময় মূল বক্তা প্রফেসর ড. মোহাম্মদ মাইনুল ইসলাম শিক্ষার্থীদের সমসাময়িক বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন এবং শিক্ষার্থীরা সেসব প্রশ্নের উত্তর দেন। পাশাপাশি ভাষাগত দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের যোগাযোগের সক্ষমতা বৃদ্ধি এবং বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের যোগ্য করে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

