পাকিস্তান থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বাংলাদেশের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এবং পাকিস্তানের রাষ্ট্রীয় বাণিজ্যিক প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব পাকিস্তানের (টিসিপি) মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হতে যাচ্ছে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ২৯ নভেম্বর সকাল সাড়ে ১০টায় ঢাকায় বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ সমঝোতা স্মারক সই হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের।
সমঝোতা স্মারকে বাংলাদেশের পক্ষে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ এবং পাকিস্তানের পক্ষে বাংলাদেশে নিযুক্ত দেশটির হাইকমিশনার ইমরান হায়দারের সই করার কথা রয়েছে।
এ বিষয়ে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন ও বাণিজ্যের পরিমাণ বাড়ানোর লক্ষ্যেই এ সমঝোতা স্মারক করা হচ্ছে। এর আওতায় দুই দেশ কৃষিপণ্য ও কৃষি যন্ত্রপাতি আমদানি-রপ্তানি করবে। তবে এসব বাণিজ্যিক কার্যক্রম প্রতিযোগিতামূলক মূল্যে সম্পন্ন করা হবে।
তিনি জানান, পাকিস্তান বাংলাদেশের কাছে তেল, চিনি, ডাল, ছোলা, পেঁয়াজ ও সার রপ্তানিতে আগ্রহ প্রকাশ করেছে। অন্যদিকে বাংলাদেশ থেকে সূর্যমুখী তেল, রাইস ব্র্যান অয়েল, আম, আনারস, কাঁঠাল, আলু ও চা রপ্তানির পরিকল্পনা রয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, পাকিস্তান থেকে প্রাথমিকভাবে মসুর ডাল, ছোলা ও খেজুর আমদানির বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তবে কী পরিমাণ পণ্য আমদানি করা হবে, ক্রয়মূল্য কত হবে এবং সরবরাহের সময়সূচি কেমন হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।
মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, এ সমঝোতা স্মারকের মাধ্যমে দুই দেশের রাষ্ট্রীয় বাণিজ্যিক প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি যোগাযোগ ও সহযোগিতার সুযোগ তৈরি হবে।
এদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরে প্রায় ৮ হাজার কোটি টাকার নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহের পরিকল্পনা করেছে টিসিবি। এ পরিকল্পনার আওতায় ২২ কোটি লিটার ভোজ্যতেল, ২ লাখ ২০ হাজার টন মসুর ডাল, ১ লাখ ১০ হাজার টন চিনি, ১৪ হাজার টন ছোলা এবং ৪ হাজার ৪০০ টন খেজুর সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, এসব পণ্যের প্রায় ৫০ শতাংশ দেশের অভ্যন্তরীণ বাজার থেকে এবং বাকি ৫০ শতাংশ আন্তর্জাতিক বাজার থেকে সংগ্রহ করা হবে। তবে আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম ও সরবরাহ পরিস্থিতি অনুকূলে থাকলে বিদেশ থেকে আমদানির পরিমাণ বাড়ানোর সুযোগ রয়েছে।

