শতাধিক গুম ও খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাওয়াই রাষ্ট্রপক্ষের প্রত্যাশা বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপনের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, এ মামলায় প্রসিকিউশনের পক্ষে ১৫ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। তাঁদের সাক্ষ্য ও মামলার নথিপত্র পর্যালোচনা করে আইনে নির্ধারিত সর্বোচ্চ সাজা জিয়াউল আহসানকে দেওয়ার আবেদন জানানো হবে।
যুক্তিতর্কের প্রস্তুতি হিসেবে মামলার সব নথি ও সাক্ষীদের সাক্ষ্য পর্যালোচনা করেছেন জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধের বিচারে বিভিন্ন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ও অন্যান্য দেশের বিচারব্যবস্থায় প্রতিষ্ঠিত নজিরগুলোও পর্যালোচনা করেছেন। এসব নজির আদালতে তুলে ধরবেন। পাশাপাশি ট্রাইব্যুনালের নিরপেক্ষতা, বিচারিক দক্ষতা ও বিচারপ্রক্রিয়ার গ্রহণযোগ্যতা নিয়ে যেসব প্রশ্ন তোলা হয়, সেগুলোর জবাব বিভিন্ন দেশের আদালত ও আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্তের আলোকে তুলে ধরবেন।
এর আগে প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম, গাজী এমএইচ তামিম ও মিজানুল ইসলাম যেসব বক্তব্য দিয়েছেন, সেগুলোর পুনরাবৃত্তি এড়িয়ে নিজের যুক্তিতর্ক উপস্থাপন করবেন বলে জানান রুহুল কুদ্দুস কাজল। তাঁর বক্তব্য মূলত আইনভিত্তিক হবে। তবে যুক্তিতর্কের প্রয়োজনে সাক্ষীদের সাক্ষ্য ও ঘটনার পারিপার্শ্বিকতা তুলে ধরতে হতে পারে। নির্ধারিত সময়ের মধ্যেই যুক্তিতর্ক শেষ করার চেষ্টা করবেন বলেও জানান তিনি।
জিয়াউল আহসানের সর্বোচ্চ সাজা চাওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, আইনে সর্বোচ্চ যে শাস্তির বিধান রয়েছে, সে বিষয়ে রাষ্ট্রপক্ষের অবস্থান আগেই জানানো হয়েছে। রাষ্ট্রপক্ষের প্রত্যাশা, একজন ব্যক্তির জন্য আইনে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান থাকলে সেটিই চাওয়া হবে।
২০২৪ সালের ৫ আগস্টের পর পুনর্গঠিত ট্রাইব্যুনালে এ মামলার বিচারকে বিশেষ তাৎপর্যপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, এরই মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যদের মামলায় রায় দিয়েছেন এই ট্রাইব্যুনাল। তবে গুম ও পদ্ধতিগতভাবে সংঘটিত অপরাধের বিভীষিকা নিয়ে এ বিচারপ্রক্রিয়া আলাদা গুরুত্ব বহন করছে। গুমের মতো পদ্ধতিগত অপরাধের বিচার সম্পন্ন হওয়া একটি নতুন নজির হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

