কক্সবাজারের উখিয়া উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সার্বিক নিরাপত্তা জোরদারে তৎপরতা বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উপজেলার গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকাগুলোতে দুই প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ড্রোনের মাধ্যমে আকাশপথে নজরদারি চালানো হচ্ছে।
শনিবার (২৮ নভেম্বর) সকালে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টহল ও নজরদারি কার্যক্রম পরিচালনা করছেন। বিশেষ করে সীমান্তবর্তী এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা তৎপরতা বাড়ানো হয়েছে।
ড্রোনের মাধ্যমে নজরদারি চালানোর ফলে দুর্গম ও বিস্তীর্ণ এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ সহজ হচ্ছে। একই সঙ্গে সন্দেহজনক চলাচল ও সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি শনাক্ত করতেও এ প্রযুক্তি সহায়ক ভূমিকা রাখছে।
সংশ্লিষ্টদের মতে, সীমান্তবর্তী উপজেলা হওয়ায় উখিয়ায় মাদক চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিরাপত্তা বাহিনীর তৎপরতা গুরুত্বপূর্ণ।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, উখিয়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ডের মাধ্যমে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি ও নাশকতামূলক তৎপরতা প্রতিরোধে বিজিবি পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।
স্থানীয়দের প্রত্যাশা, বিজিবির এ নিরাপত্তা কার্যক্রমের মাধ্যমে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে।

