রাজবাড়ীতে বজ্রপাতে সুমন মন্ডল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার কোল থেকে ছিটকে পড়ে সামান্য আহত হলেও প্রাণে বেঁচে গেছে সাড়ে তিন বছর বয়সী মেয়ে সাফিয়া।
বুধবার (২৯ এপ্রিল) সকাল পৌনে ৭টার দিকে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মজ্জৎকোল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন মন্ডল ওই গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সুমন মন্ডল একটি এনজিওতে চাকরি করতেন। সম্প্রতি চাকরি ছেড়ে তিনি বাড়িতেই অবস্থান করছিলেন। বুধবার সকালে সাড়ে তিন বছর বয়সী মেয়ে সাফিয়াকে কোলে নিয়ে বাড়ির পাশের একটি দোকানে বাজার করতে যাচ্ছিলেন তিনি। পথে হঠাৎ বজ্রপাত হলে সাফিয়া তার কোল থেকে ছিটকে পড়ে এবং সুমন মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে সাফিয়ার নাক ও কান দিয়ে সামান্য রক্ত বের হলেও বর্তমানে সে আশঙ্কামুক্ত রয়েছে।
মিজানপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান বলেন, সুমন মন্ডলের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যাচ্ছে।
অন্যদিকে, চট্টগ্রাম মহানগরীর বায়েজিদে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আহত রেশমি আক্তার সাতদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে মারা গেছেন। বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দিন। তিনি জানান, প্রায় এক সপ্তাহ ধরে লাইফ সাপোর্টে ছিলেন রেশমি।
জানা যায়, গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে নগরের বায়েজিদ থানার রৌফাবাদ কলোনির শহীদ মিনার গলি এলাকায় মায়ের জন্য পান আনতে ঘর থেকে বের হন রেশমি আক্তার। এ সময় এলাকায় সন্ত্রাসীদের দুই পক্ষের মধ্যে গোলাগুলি চলছিল। একপর্যায়ে সন্ত্রাসীদের ছোড়া একটি গুলি এসে রেশমির চোখে লাগে। এতে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন।
পরে গোলাগুলি থামলে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হলে পরদিন শুক্রবার সন্ধ্যায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।

