ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে পারলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর প্রথম হামলা হতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
শনিবার (১৬ মে) দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন রাজনৈতিক দল থেকে এনসিপিতে যোগদান অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “শেখ হাসিনা দেশে ফেরার চেষ্টা করছেন এবং আওয়ামী লীগ বিভিন্ন স্থানে মিছিল করছে। আমরা সরকারকে সতর্ক করে বলতে চাই, যদি শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারেন, তাহলে প্রথম হামলা কিংবা গুলি চালানো হতে পারে তারেক রহমানের ওপর। ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত। অতীতে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল।”
তিনি আরও বলেন, “তারেক রহমান যদি ইতিহাস না জানেন, তাহলে তার বাবার মতো পরিণতিও হতে পারে। তাই আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের আপস না করার আহ্বান জানাই। আমরা একই ফ্রন্টে আন্দোলন করছি। প্রয়োজনে বিএনপি ও আওয়ামী লীগ—উভয়ের বিরুদ্ধেই অবস্থান নিতে দ্বিধা করব না।”
সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কার্ডের সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, “রাজশাহী ও চাঁদপুর—দুই জায়গা থেকেই প্রধানমন্ত্রী পাওয়া গেছে, কিন্তু উন্নয়ন হয়নি। মানুষ শুধু বিভিন্ন কার্ড পেয়েছে। যদি এসব কার্ডে জনগণের উপকার না আসে, তাহলে আমরাও সরকারের হাতে ‘লাল কার্ড’ তুলে দেব।”
ফারাক্কা লংমার্চ দিবস প্রসঙ্গে তিনি বলেন, “মওলানা ভাসানী ভারতের বিরুদ্ধে পানির ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন করেছিলেন। বিএনপি তার প্রতীক ব্যবহার করলেও সেই আদর্শ অনুসরণ করছে না। যদি ভাসানীর প্রতীক ব্যবহার করতে হয়, তাহলে তার নীতিও অনুসরণ করতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির রাজশাহী মহানগরের আহ্বায়ক মোবাশ্বের আলী। এ সময় উপস্থিত ছিলেন দলের উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্য সচিব এ বি এম গাজী সালাউদ্দিন আহমেদ, এসএম সাইফ মোস্তাফিজ, সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিনসহ অন্যান্য নেতারা।

