গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) নবনিযুক্ত উপাচার্যের যোগদানকে কেন্দ্র করে ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার সকাল থেকে নতুন ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালের নিয়োগ প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা লাল কার্ড কর্মসূচি পালন করে অবস্থান নেয়। পরে ছাত্রদল ও বহিরাগতদের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষে ক্যাম্পাস রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে।
এতে পুলিশ, সাংবাদিক ও শিক্ষার্থীসহ অন্তত ১৪-১৫ জন আহত হন। শিক্ষার্থীরা আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে এবং অবিস্ফোরিত ককটেল উদ্ধারের অভিযোগ তোলে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, বর্তমানে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

