দক্ষিণ কোরিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে নাগরিক সংবর্ধনা দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
রোববার (১৭ মে) স্থানীয় সময় দুপুর ১২টায় খিম্পু শহরের খিম্পু ফরেন সাপোর্ট সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের দক্ষিণ কোরিয়া শাখা। এতে দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।
অনুষ্ঠানে বক্তব্যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রবাসী বাংলাদেশি ও ডায়াস্পোরা সদস্যদের আন্তরিকতা ও আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশ যখন সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল, তখন প্রবাসীরা দেশের মানুষের মধ্যে আশা ও সাহস জুগিয়েছিল। গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তিনি প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
তিনি আরও বলেন, জুলাই সনদ ও গণভোটের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রবাসীদের ঐক্যবদ্ধ ভূমিকা প্রয়োজন। একইসঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত চিত্র তুলে ধরতে প্রবাসীদের সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি। ভবিষ্যতের জাতীয় নির্বাচনগুলোতেও প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে এনসিপি কাজ চালিয়ে যাবে বলেও আশ্বাস দেন।
এ সময় উপস্থিত প্রবাসীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তারা শিক্ষার্থীদের মরদেহ বিনামূল্যে দেশে পাঠানোর ব্যবস্থা, কোরিয়ায় বাংলাদেশি অভিবাসন প্রক্রিয়া সহজ করা, দালালদের অপতৎপরতা বন্ধ এবং বিমানবন্দরে হয়রানি রোধসহ বিভিন্ন দাবি জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত, এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স দক্ষিণ কোরিয়া শাখার আহ্বায়ক আরিফুর রহমান, সদস্য সচিব বাবুল মিয়া প্রমুখ।

