নরসিংদীর শিবপুর থেকে চুরির দুই দিন পর তিন বছর বয়সী শিশু উম্মে হানিকে উদ্ধার করেছে শিবপুর থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, শিশুটিকে ৪ হাজার টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছিল।
রোববার (১৭ মে) রাত সাড়ে ১১টার দিকে হবিগঞ্জ জেলার মাধবপুর থানার সাহেব বাজার গেট এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। একই সময় হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার নতুন বাজার বাগবাড়ী গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে নিজাম উদ্দিন (৪২) এবং তার স্ত্রী ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার উটি গ্রামের মরম আলীর মেয়ে শরিফা খাতুনকে (২৯) গ্রেপ্তার করা হয়।
উদ্ধার হওয়া শিশু উম্মে হানি নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের কামরাব নোয়ারা গ্রামের ইব্রাহিম মোল্লার মেয়ে। পরিবারটি শিবপুর কলেজপাড়ায় ভাড়া বাসায় বসবাস করত।
শিশুটির মা জানান, একই বাসায় ভাড়া থাকার সুবাদে শরিফা খাতুনের সঙ্গে তাদের পরিচয় হয়। শুক্রবার সকাল ১০টার দিকে মেয়েকে বাইরে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে শরিফা খাতুন শিশুটিকে নিয়ে পালিয়ে যান। পরে অনেক খোঁজাখুঁজির পর সন্তানকে না পেয়ে তিনি সন্ধ্যায় শিবপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযোগ পাওয়ার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় শরিফা খাতুনকে শনাক্তের চেষ্টা শুরু হয়। এ সময় হবিগঞ্জ ও সিলেটের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। গ্রেপ্তার এড়াতে অভিযুক্তরা ঘন ঘন অবস্থান পরিবর্তন করছিলেন। পরে র্যাবের সহযোগিতায় রোববার রাতে মাধবপুরের সাহেব বাজার গেট এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয় এবং শরিফা খাতুন ও তার স্বামী নিজাম উদ্দিনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরিফা খাতুন স্বীকার করেন, তিনি শিশু উম্মে হানিকে ৪ হাজার টাকার বিনিময়ে বিক্রি করেছিলেন।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কোহিনুর মিয়া বলেন, অভিযোগ পাওয়ার পর এসআই অনুপ নাগ, এসআই হাসান এবং র্যাবের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। পরে অভিযুক্তদের কাছ থেকে শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

