চট্টগ্রামের মিরসরাই উপজেলায় এসএসসি পরীক্ষার শেষ দিনে পরীক্ষা শেষে এক পরীক্ষার্থীকে কুপিয়ে জখম করার ঘটনায় চার পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
রোববার (১৭ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার বারইয়ারহাট ডিগ্রি কলেজ কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এসএসসি পরীক্ষার বিজ্ঞান বিষয়ের পরীক্ষা চলাকালে বারইয়ারহাট পৌর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী শাখাওয়াত হোসেন জিহান ও মুনায়েমের কাছে একই কেন্দ্রে পরীক্ষা দিতে আসা করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের কয়েকজন পরীক্ষার্থী উত্তরপত্র দেখানোর অনুরোধ করে। তবে তারা এতে রাজি না হওয়ায় পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে তাদের ওপর হামলা চালানো হয়।
অভিযোগ রয়েছে, করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের ১০ থেকে ১২ জন পরীক্ষার্থী জিহান ও মুনায়েমকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। পরে সহপাঠীরা আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে উপজেলার করেরহাট বাজার এলাকা থেকে চার কিশোরকে আটক করে। আটকরা হলো সাজিদ হোসেন রাফি (১৭), মুক্তাদুল ইসলাম মাহিদ (১৭), নওশীন ইসলাম রামীম (১৭) এবং মোশারফ হোসেন (১৭)। তারা সবাই এবারের এসএসসি পরীক্ষার্থী।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, রাতভর অভিযান চালিয়ে ঘটনায় জড়িত চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

