ভূমিসেবায় জনগণের অযথা হয়রানি বন্ধ করে আধুনিক ও প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে কাজ করছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জনগণকে সেবা দেওয়া কোনো করুণা নয়, বরং এটি সরকারের দায়িত্ব।
মঙ্গলবার (১৯ মে) সকালে রাজধানীর তেজগাঁওয়ে ভূমিভবনে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ভূমি সেবা সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে সরকার ডিজিটাল ও নাগরিকবান্ধব ব্যবস্থাপনা চালুর উদ্যোগ নিয়েছে। জনগণ যাতে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই সেবা পেতে পারে, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, একটি আধুনিক ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা দেশের টেকসই উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে। দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকার নির্বাচনী ইশতেহার ও ‘জুলাই সনদ’-এর প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে ধাপে ধাপে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে ওয়াদা পূরণের রাজনীতি এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
উদ্বোধনী বক্তব্য শেষে প্রধানমন্ত্রী মেলার বিভিন্ন স্টল ও সেবা কেন্দ্র ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই মেলার মূল লক্ষ্য হচ্ছে আধুনিক ও প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে জনগণকে সচেতন করা এবং ডিজিটাল ভূমিসেবা সহজলভ্য করা। মঙ্গলবার শুরু হওয়া এ মেলা আগামী ২১ মে পর্যন্ত দেশব্যাপী একযোগে চলবে।

